ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকায় পুলিশ সদস্য হত্যা, সেই ট্রাকচালক রংপুরে গ্রেফতার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৭, ৬ নভেম্বর ২০২৪
ঢাকায় পুলিশ সদস্য হত্যা, সেই ট্রাকচালক রংপুরে গ্রেফতার
গ্রেফতারকৃত রিপন মিয়া- ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় করা মামলায় রংপুর থেকে রিপন মিয়া নামে সেই ট্রাকের চালককে গ্রেফতার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে পুলিশের গাড়ির পেছনে ধাক্কা দিয়ে কনস্টেবল রায়হান সরকারকে হত্যার অভিযোগে মামলা রয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার রাতে রংপুরের গংগাচড়ার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব কাগজীপাড়া থেকে ট্রাকচালক রিপনকে গ্রেফতার করা হয়। রিপন মিয়া গাইবান্ধা সদর উপজেলার উজির ধরণীবাড়ি গ্রামের বাসিন্দা।

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩-এর একটি দল মঙ্গলবার রাতে গংগাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব কাগজিপাড়া থেকে ট্রাকচালক রিপনকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গত ২৬ অক্টোবর ঢাকার ৩০০ ফিট-কুড়াতলী রাস্তায় বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে যাওয়ার সময় পুলিশের একটি গাড়ির পেছনে ধাক্কা দেয় রিপন মিয়া। এতে গাড়িচালক কনস্টেবল রায়হান সরকার ও লিয়াকত আলী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কনস্টেবল রায়হানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঐ ঘটনায় পুলিশ বাদী হয়ে খিলক্ষেত থানায় অজ্ঞাত ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করে। তদন্তে ট্রাকচালক হিসেবে মো. রিপন মিয়ার নাম উঠে আসে।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম জানান, কনস্টেবল নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার জন্য গ্রেফতার রিপন মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!