ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিন বন্ধুর মৃত্যুতে পাবনায় শোকের ছায়া

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ৮ নভেম্বর ২০২৪
তিন বন্ধুর মৃত্যুতে পাবনায় শোকের ছায়া
তিন তরুণের মরদেহ গ্রামে আনার পর থেকেই তাদের এক নজর দেখতে এলাকার শত  শত নারী-পুরুষ ভিড় করেন। ছবি: ডেইলি বাংলাদেশ

তিন কলেজছাত্রের মৃত্যুতে পাবনার সাঁথিয়া উপজেলার পদ্মবিলা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে তাদের শিক্ষাক্ষেত্র মিয়াপুর হাইস্কুল অ্যান্ড কলেজেও শোকের মাতম চলছে। তারা ওই কলেজের ছাত্র ছিলেন। কলেজে মাঠেই শুক্রবার সকালে তিন শিক্ষার্থীর জানাজা সম্পন্ন হয়।  

নিহতরা হলেন পাবনার পদ্মবিলা গ্রামের সেলিম হোসেনের ছেলে আহাদ আলী (১৮), মোশারফ হোসেনের ছেলে আশিক হোসেন (২০) ও ফারুক হোসেনের ছেলে শাকিব হাসান (২০)।

তারা বৃহস্পতিবার (৭ নভেম্বর) মোটরসাইকেলযোগে ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকায় বেড়াতে গিয়েছিলেন। বিকেল ৫টার দিকে ঈশ্বরদী  উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামে কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান।

Advertisement

বৃহস্পতিবার রাতে এ তিন তরুণের মরদেহ গ্রামে আনার পর থেকেই তাদের এক নজর দেখতে এলাকার শত  শত নারী-পুরুষ ভিড় করেন। পরে তাদের মরদেহ মিয়াপুর হাইস্কুল অ্যান্ড কলেজে মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শেষ বারের মতো দেখতে ও জানাজায় অংশ নিতে তাদের বন্ধু-বান্ধব ও সহপাঠীরা হাজির হন। এ সময় সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। জানাজায় এলাকার সর্বস্তরের লোকজন অংশ নেন। পরে তাদের পদ্মবিলা ও বনগ্রাম কবরস্থানে দাফন করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!