ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কোটি টাকার আইস ফেলে নদীতে ঝাঁপ, ইয়াবাসহ নারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ১১ নভেম্বর ২০২৪
কোটি টাকার আইস ফেলে নদীতে ঝাঁপ, ইয়াবাসহ নারী আটক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪ হাজার ৭৪০ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বিজিবি।

সোমবার টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টহলদল চৌধুরীপাড়া এলাকায় অবস্থানকালে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়তে দেখে। বিজিবি টহলদল ধাওয়া দিলে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান।

পরবর্তীতে টহলদল তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।

অপরদিকে দমদমিয়া চেকপোস্টে টেকনাফ-কক্সবাজারগামী একটি (পালকি পরিবহন) বাসে তল্লাশিকালীন এক নারীযাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। ওই নারীর স্বীকারোক্তিতে তার হাতে থাকা ব্যাগের ভেতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৪ হাজার ৭৪০ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত নারী টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার তৈয়ব গোলালের মেয়ে রায়লা বেগম। আটককৃত আসামিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!