মাগুরায় ৩ ছাত্রদল নেতাকর্মীকে কুপিয়ে জখম
মাগুরায় ছাত্রদলের ৩ নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। সোমবার রাত ১১টায় শহরের নতুন বাজার ছানার বটতলা কাত্যায়নী পূজামণ্ডপ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পৌরসভার স্টেডিয়াম পাড়ার ২ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত হোসেন (২১), ছাত্রদল কর্মী অন্তর শেখ (১৮) ও সোহান (১৪)। আহতরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে এই হামলা হতে পারে। রাত পৌনে ১১টায় ছাত্রলীগের কিছু কর্মী মাগুরা নতুন বাজার ছানার বটতলা এলাকার পূজা মণ্ডপে গেলে ছাত্রদল নেতা ইয়াছির আরাফাতের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা আরাফাতের ওপর দেশীয় চাপাতি ও দা দিয়ে হামলা করলে ছাত্রদলকর্মী অন্তর ও সোহান ছুটে আসেন। এ সময় পূজার মেলায় উপস্থিত থাকা দর্শনার্থী ও পূজার মেলার কমিটির লোকজন ছুটে এলে ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যান।
.png)
আহত ইয়াছির আরাফাত বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী জুবায়ের ভূইয়াসহ তার সহযোগীরা আমাদেরকে কুপিয়ে দোয়ারপাড় এলাকায় পালিয়ে যায়।
আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে মাগুরা সদর হাসপাতালে আসেন ছাত্রদলের সাবেক জেলা সভাপতি আব্দুর রহিম। তিনি বলেন, সন্ত্রাসী সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা গোপনে হামলা শুরু করেছে। অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, নতুন বাজার কাত্যায়ানী পূজার মেলায় ছাত্রলীগ কর্মীদের হামলায় তিন ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের চিকিৎসা চলছে। এ বিষয়ে তদন্ত করে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।