[ দেশজুড়ে ]
মালয়েশিয়া পাচারকালে রোহিঙ্গাসহ ৩১ জন উদ্ধার, ২ দালাল আটক
রোহিঙ্গাসহ ৩১ জনকে উদ্ধার করেছে র্যাব। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের উপকূলীয় সাগর দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা রোহিঙ্গাসহ ৩১ জনকে উদ্ধার করেছে র্যাব। এর মধ্যে ২৭ জন রোহিঙ্গা ও চারজন বাংলাদেশি। এ ঘটনায় মানব পাচারকারী দুজন দালালকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন টেকনাফের হ্নীলার পানখালী ৪ নম্বর ওয়ার্ডের অছিউর রহমানের ছেলে মো. আনোয়ার (৪৪) ও টেকনাফ সদর ইউনিয়ন উত্তর লম্বরী ২ নম্বর ওয়ার্ডের রফিকের ছেলে আতিকুর রহমান (৩২)। ১৭ নভেম্বর রাতে টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) দেবজিত পাল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে এবং আটক বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটক মানব পাচারকারী দালালদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!