ভারতে পালানোর সময় ইসকন সদস্য আটক
চট্টগ্রামের মিরসরাইয়ের অলিনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ইসকন সদস্য দ্বৈত নাগরিক (বাংলাদেশ, ভারত) আশীশ পুরোহিত নামে একজনকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি টহল দল তাকে আটক করে।
জানা যায়, ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির অলিনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব অলিনগর থেকে অবৈধভাবে ভারতে পালানোর সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবি টহল দল ইসকন নেতাকে আটক করে।
.png)
আটক আশীশ পুরোহিত চট্টগ্রাম সদরের এনায়েত বাজার ২৩৪ এস এ চৌধুরী লেইনের বাসিন্দা মৃত নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে। ভারতীয় কার্ডে ঠিকানা লেখা আছে আশীশ পুরোহিত, পিতা নির্মল চন্দ্র পুরোহিত, ঠিকানা ১৬ নস্কর পাড়া লেন, নস্কর পাড়া বাজার, ঢাকুরিয়া, কোলকাতা, ঢাকুরিয়া, পশ্চিমবঙ্গ, ৭০০০৩১ উল্লেখ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে গমন করছিলেন।
ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, দ্বৈত নাগরিকত্ব এবং অবৈধ পারাপারের দায়ে তাকে চট্টগ্রাম জেলাধীন জোরারগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।