বৃহস্পতিবার (২৮ নভেম্বর) লোহাগাড়া থানায় মামলাটি করেছেন আহমেদ নেওয়াজ নামে এক যুবক। এতে দুজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- ট্রাকচালক মোহাম্মদ মুজিবুর রহমান ও তার সহকারী রিফাত। দুজনই ময়মনসিংহের ত্রিশাল এলাকার বাসিন্দা।
মামলার বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, ট্রাকচালক মুজিবুর রহমান ও তার সহকারী রিফাতের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.png)
এর আগে, বুধবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে বহরের অন্য একটি গাড়িতে ছিলেন হাসনাত ও সারজিস।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে তারা ফিরছিলেন। তাদের গাড়িবহরে ১২টি মোটরসাইকেল, দুটি প্রাইভেটকার ও একটি পাজেরো গাড়ি ছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, আলিফের গ্রামের বাড়ি থেকে ১২ কিলোমিটার পশ্চিমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজী রাস্তার মাথা। ঐ এলাকায় বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। প্রথমে ১২টি মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে উঠে। ঐ পাজেরো গাড়িতে হাসনাত-সারজিস ছিলেন।
পরে একটি প্রাইভেটকার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটির সামনের বাঁ-দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত প্রাইভেট গাড়িটিতে হাসনাত-সারজিসের কয়েকজন সফরসঙ্গী ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে চাইলে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ধাওয়া দিয়ে চালক ও সহকারীকে আটক করেন। পরে তাদের লোহাগাড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর হাসনাত-সারজিস লোহাগাড়া থানায় জিডি করে সহকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।