পাকুন্দিয়ায় আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য আটক
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুটি চোরাই গরুসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৪টার দিকে পৌরসদরের কলেজ রোড থেকে তাদের আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। এ সময় চোরাই গরুসহ চোরাই কাজে ব্যবহৃত ট্রাক ও কাটার মেশিন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গৌরিশ্বর গ্রামের আবদুস ছালামের ছেলে শাহাদাত হোসেন (২৬) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুন্দখালাসপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে গোলাম রাব্বানী (৩০)।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ৪টার দিকে পৌরসদরের মেইন সড়কে টহল দিচ্ছিল পাকুন্দিয়া থানা পুলিশের একদল সদস্য। এ সময় গরুবোঝাই একটি ট্রাককে সন্দেহ হলে থামানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে কলেজ রোড থেকে ট্রাকটিকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের তল্লাশিতে ট্রাকটি চোরাই কাজে ব্যবহৃত এবং ট্রাকে থাকা গরু দুটি চোরাই হিসেবে শনাক্ত হয়। পরে ট্রাকটি জব্দসহ ওই দুই চোরকে আটক করে পুলিশ।
.png)
পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই চোর আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। চোরাই কাজে ব্যবহৃত ট্রাক, কাটার মেশিন এবং দুটি গরুসহ তাদের আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।