ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, রাস্তা অবরোধ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ১ ডিসেম্বর ২০২৪
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, রাস্তা অবরোধ
ছবি: সংগৃহীত

রাজশাহীতে মোছা. জান্নাতুল ফেরদৌস নামের এক শিশু শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী স্কুলের পাশের রাস্তা অবরোধ করে মানববন্ধন করেছেন।

রোববার দুপুরে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন খাদিমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস ওই স্কুলের ১ম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, স্কুল শেষে রাস্তা পার হওয়ার সময় তালাইমারি হতে সাহেব বাজারগামী সাদা একটি প্রাইভেটকার শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক ক্লাস শিক্ষিকা কল্পনা আক্তার এবং এলাকাবাসী উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে আহত শিক্ষার্থীকে আইসিইউ ওয়ার্ডে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

এদিকে, শিক্ষার্থীর এক্সিডেন্টের খবর পেয়ে এলাকাবাসী ক্ষুব্দ হয়ে রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন। মানববন্ধনের খবর পেয়ে বোয়ালিয়া থানার ওসি মেহেদী হাসান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বোয়ালিয়া থানার ওসি মেহেদী হাসান বলেন, যত দ্রুত সম্ভব প্রাইভেটকারটি শনাক্ত করে পুলিশ হেফাজতে নেয়ার কার্যক্রম চলমান থাকবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!