ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুয়াজ্জিনের ফতোয়া দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িতে আগুন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৩, ১৪ ডিসেম্বর ২০২৪
মুয়াজ্জিনের ফতোয়া দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় খতনার অনুষ্ঠানে গান বাজানো নিয়ে মুয়াজ্জিনের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ৩০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি একটি বাড়িতে আগুন দেওয়ারও ঘটনা ঘটেছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামে এ সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত যৌথবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শৈলকুপা সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে গান বাজানোয় শুক্রবার জুমার নামাজে গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা গান-বাজনা বাজানো হারাম বলে ফতোয়া দেন। সেসময় কাশেম মোল্লা বাধা দেন। মসজিদের মধ্যেই দুটি গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে বিকেলে আবারো হাকিম মোল্লা ও কাশেম মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ঘরবাড়ি। সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হন।

এসব ঘটনার জের ধরে আজ শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দুপুর পর্যন্ত দফায় দফায় তাদের সংঘর্ষ চলে। এতে অন্তত ৩০টি বাড়িঘর ভাঙচুর ছাড়াও একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। অন্যদিকে, পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, এখনো ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, সাতগাছী গ্রামে দুই দফায় সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় সাগর হোসেন ও আব্দুর রাজ্জাক নামে দুই গ্রুপের দুজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!