ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
প্রিন্স আওলাদ-১০ ও কীর্তনখোলা-১০

রাডার-জিপিআরএস নেই, পথ ভুল করায় দুই লঞ্চের সংঘর্ষ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ২২ ডিসেম্বর ২০২৪
রাডার-জিপিআরএস নেই, পথ ভুল করায় দুই লঞ্চের সংঘর্ষ
দুর্ঘটনা কবলিত দুটি লঞ্চের ক্ষতিগ্রস্ত অংশ

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে ঢাকা-বরিশাল নৌরুটের দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে লঞ্চ দুটির সামনের অংশ ভেঙে গেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রায় দুই হাজার যাত্রী। মূলত রাডার ও জিপিআরএস না থাকায় একটি লঞ্চ সিগনাল বুঝতে পারেনি। এর ফলে ভুল পথে চলে আসায় এ ঘটনা ঘটেছে।

শনিবার রাত পৌনে ২টার দিকে বরিশালগামী প্রিন্স আওলাদ ১০ ও ঢাকাগামী কীর্তনখোলা ১০ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে যাত্রীদের রক্ষায় একটি লঞ্চ চরে উঠিয়ে দেওয়া হয়, অন্যটি নদীর তীরে নিয়ে যাওয়া হয়। সারারাত লঞ্চ দুটি এভাবেই থাকে। সকাল ৯টাযর দিকে ঢাকা থেকে শুভরাজ লঞ্চ গিয়ে যাত্রীদের উদ্ধার করে।

প্রিন্স আওলাদ-১০ এর সুপারভাইজার মোহাম্মদ হৃদয় বলেন, কীর্তনখোলা ১০ লঞ্চের রাডার-জিপিআরএস কিছুই নেই। যার কারণে লঞ্চটিকে সংকেত দেওয়ার পরও তারা না মেনে উল্টো দিকে চলে আসায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে লঞ্চের কেউ হতাহত হয়নি। সকালে আমাদের কোম্পানির অন্য একটি লঞ্চ যাত্রীদের উদ্ধার করে বরিশালে নিয়ে গেছে।

Advertisement

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের যুগ্ম পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ঘন কুয়াশার কারণে লঞ্চ দুটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি লঞ্চের সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালে কীর্তনখোলা ১০ লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকা পৌঁছেছে। এছাড়া প্রিন্স আওলাদ ১০ লঞ্চের যাত্রীদের অন্য একটি লঞ্চে বরিশাল নিয়ে যাওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!