ওসির কাছে চাঁদা দাবি!
নাম মনছুর আলম মুন্না (৩৫)। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ বড়পিলের গর্জনিয়া এলাকার আব্দুস সালামের ছেলে তিনি। সাংবাদিকতার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন। এবার অনিয়ম আর দুর্নীতির সংবাদ ছাপানো হুমকি দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে চাঁদা দাবি করে ফেঁসে গেলেন মামলার জালে।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে কক্সবাজারের সদর এলাকা থেকে মনছুর আলম মুন্নাকে গ্রেফতার করে চকরিয়া থানার একদল পুলিশ। পরে নিয়ে আসা হয় চকরিয়া থানায়।
চকরিয়া থানার ওসি মো. মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, গত ২৪ ডিসেম্বর মনছুর আলম মুন্না সাংবাদিক পরিচয় দিয়ে ০১৮১....৭ নম্বর থেকে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে বানোয়াট, মিথ্যা এবং অবমাননাকর বিভিন্ন কথা লিখে একটি সংবাদ লিখে পাঠান। এ সংবাদ পত্রিকায় সিরিজ আকারে ছাপানো হবে বলেও জানান। পরবর্তীতে তিনি কৌশলে আমার কাছ থেকে চাঁদা দাবি করেন।
তিনি বলেন, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। পরে চাঁদা দাবির ঘটনায় চকরিয়া থানায় মামলা দায়ের করি। মামলার পরিপ্রেক্ষিতে বুধবার দিবাগত রাতে কক্সবাজারের সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ওসি আরো বলেন, সাংবাদিক পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতেন বলেও জেনেছি। তার বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় চাঁদাবাজি, পর্নোগ্রাফিসহ ৪-৫টি মামলা রয়েছে। এছাড়াও তিনি র্যাব-১৫ ও কক্সবাজার সদর থানায় তিনবার গ্রেফতারও হন।