ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়ি ফেরা হলো না কৃষক আইজালের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ২৭ ডিসেম্বর ২০২৪
বাড়ি ফেরা হলো না কৃষক আইজালের
প্রতীকী

কাজ শেষে বাড়ি ফেরার পথে লাটাহাম্বা গাড়ির ধাক্কায় আইজাল (৬২) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পিটিআই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইজাল ওই এলাকার মৃত আহম্মেদ মন্ডলের ছেলে।

স্থানীয় ও নিহতের স্বজনেরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মোমিনপুর এলাকা থেকে কৃষিকাজ শেষে বাইসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন কৃষক আইজাল হোসেন। পথিমধ্যে পিটিআই মোড়ে পৌঁছলে পেছন দিক থেকে আসা দ্রুতগতির অবৈধযান লাটাহাম্বা গাড়ি বাইসাইকেলটিকে ধাক্কা দিলে আইজাল হোসেন পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা লাটাহাম্বাটি আটক করে এবং গুরুতর আহত অবস্থায় আইজাল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ওসি খালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!