ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণের ৪ দিন পর খালে মিলল ছোট্ট আব্দুল্লাহর অর্ধগলিত দেহ

কিশোরগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:২৯, ২৮ ডিসেম্বর ২০২৪
অপহরণের ৪ দিন পর খালে মিলল ছোট্ট আব্দুল্লাহর অর্ধগলিত দেহ
শিশু আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে অপহরণের চারদিন পর আব্দুল্লাহ নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের কাঠুরদিয়া গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু আব্দুল্লাহ (৩) একই গ্রামের মো. এনার মিয়ার ছেলে।

শিশুর মামা মো. শফিক ভূঁইয়া জানান, গত সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাড়ির সামনে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয় আব্দুল্লাহ। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান না পেয়ে থানায় জানানো হয়। পরে অপহরণকারীরা শিশুর চাচা ও চাচিকে ফোন করে মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে ৩২ হাজার টাকা দিলেও শিশুটিকে ফেরত পায়নি। এ বিষয়ে কটিয়াদী মডেল থানা ও কিশোরগঞ্জ কোম্পানি কমান্ডার র‍্যাব-১৪, সিপিসি-২–তে লিখিত অভিযোগ করা হয়। এরপর শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির সামনের খালে তার অর্ধগলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায় পুলিশ।

Advertisement

কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অপহরণ ও হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!