নানার বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের
ফেনীর পরশুরাম উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে বন্যায় সৃষ্ট বেড়িবাঁধের গর্তে পড়ে রিদোয়ান ইসলাম রাদিব নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু রাদিব ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের রিপনের ছেলে। সে আনন্দপুর মাদরাসার নূরানি বিভাগের দ্বিতীয় জামাতের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানান, রাদিব উপজেলার সাতকুচিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে শমসের গাজীর দীঘির দক্ষিণ পাড়ে সাম্প্রতিক বন্যায় কহুয়া নদীর বেড়িবাঁধের ভাঙনে সৃষ্ট গর্তে পড়ে যায়।
.png)
রাদিবের মা জোবেদা আক্তার সাথী বলেন, তার (রাদিব) সঙ্গে থাকা শিশুরা খবর দিলে সেখানে গিয়ে গর্ত থেকে রাদিবকে উদ্ধার করি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাদ আসর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
পরশুরাম থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, শিশুর পরিবার মরদেহ দাফনের পর বিষয়টি অবগত করেছেন।