ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইউপি সদস্যকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ২৯ ডিসেম্বর ২০২৪
ইউপি সদস্যকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা
নড়াইল সদর থানা -ফাইল ফটো

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সদস্য বাসনা মল্লিককে (৫২) সংঘবদ্ধভাবে ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগে মামলা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন ওই ইউপি সদস্যের ছেলে রিংকু মল্লিক। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দু’জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউপির দৌলতপুর গ্রামের গুলমান মোল্যার ছেলে মো. ফারুক মোল্যা (৫০), আইয়ুব আলীর ছেলে রজিবুল মোল্যা (৩০), সাত্তার মোল্যার ছেলে চঞ্চল মোল্যা (৩৫) ও শহিদ মোল্যার ছেলে শফিকুল মোল্যা (৩৩)। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত মো. ফারুক মোল্যাকে শনিবার ভোরে মাগুরা জেলার শালিখা থানার হরিশপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে মাইজপাড়া ইউপিতে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফিরছিলেন বাসনা মল্লিক। এ সময় রজিবুলের ফোন পেয়ে পাওনা টাকা আনতে যান তিনি। মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোক্তার মোল্যার বাড়িতে জোরপূর্বক ৩ ঘণ্টা আটকে রেখে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ওই ইউপি সদস্যকে পালাক্রমে গণধর্ষণ করেন।

Advertisement

এজাহারে আরো বলা হয়, ভুক্তভোগী বাসনা মল্লিক বিষয়টি সবাইকে জানানোর হুমকি দিলে তাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেন অভিযুক্তরা। বাড়ি ফিরে আত্মসম্মানের ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। পরে অসুস্থ হয়ে পড়লে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে তাকে যশোরের ধলগ্রাম বাজারে একজন পল্লী চিকিৎসকের কাছে নেয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে ওইদিন বিকেলে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ সময় তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে তার ওপর নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহের সৎকার করেন নিহতের স্বজনেরা।

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী বাসনা মল্লিক মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড ১, ২ ও ৩) সদস্য। ওই ইউপি সদস্যের ছেলে বাদী হয়ে তার মাকে গণধর্ষণ ও বিষপ্রয়োগে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। এরমধ্যে আমরা একজনকে গ্রেফতার করেছি। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িত বাকি সবাইকে গ্রেফতার করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!