ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মালয়েশিয়া পাচারকালে রোহিঙ্গাসহ ৬৬ জন উদ্ধার, ৫ দালাল আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ২৯ ডিসেম্বর ২০২৪
মালয়েশিয়া পাচারকালে রোহিঙ্গাসহ ৬৬ জন উদ্ধার, ৫ দালাল আটক
মালয়েশিয়া পাচারকালে রোহিঙ্গাসহ ৬৬ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের উদ্দেশে সাগরপথে জড়োকালে রোহিঙ্গাসহ ৬৬ জনকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় পাচারে জড়িত থাকার অভিযোগে ৫ দালালকে আটক করা হয়। একই সঙ্গে দালালদের কাছ থেকে ৪টি রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। 

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাধ্যমে কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। 

আটককৃত দালালরা হলেন টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে মো. রাশেদ, বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সুলতান আহাম্মদের ছেলে সালেহ আহাম্মদ ও তার ভাই নুরুল কবির, একই এলাকার রশিদ আহাম্মদের ছেলে সৈয়দ আলম এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া এলাকার আব্দুল গফুরের ছেলে কামরুল ইসলাম ওরফে মো. শিপন।

Advertisement

উদ্ধারদের মধ্যে ৬১ জন রোহিঙ্গা এবং ৫ জন বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭ জন শিশু রয়েছে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ভোরে টেকনাফের সমুদ্র উপকূলে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ী এলাকার আব্দুল আমিনের বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কিছু সংখ্যক লোক জড়ো করার খবর পায় পুলিশ। পরে পুলিশ অভিযানে যায়। এ সময়  ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সন্দেহজনক একটি বসতঘর ঘিরে ফেলে। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১৫ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ৪টি রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচ পাওয়া যায়। 

তিনি বলেন, ঘটনাস্থল তল্লাশি করে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করা ৬৬ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার করা রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। উদ্ধারের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। আটককৃত দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!