ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ৩১ ডিসেম্বর ২০২৪
ফেনীতে অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান
ছাগলনাইয়া উপজেলার ফেনী নদীতে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফেনী নদীতে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ২৬টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, দুপুরে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনস্থ অলিনগর ও চম্পকনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০০/৩-এস হতে আনুমানিক ৪শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার সোনাপুর নামক স্থানে ফেনী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসকের আহবানে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৬টি মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ টাকা। উল্লিখিত মেশিনগুলো ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছে।

এ সময় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমার নেতৃত্বে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) এর ২০ জন সদস্য, সেনাবাহিনীর ১০ সদস্য বিশিষ্ট টহল দল, ছাগলনাইয়া থানার ৭ জন পুলিশ সদস্যের একটি টহল দল অংশগ্রহণ করে। 

Advertisement

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী হতে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। 

এরআগে, ১, ৯ ও ২৮ ডিসেম্বর ৩টি অভিযানে মোট ৭৫টি মেশিন ও ১৯ লাখ ৬০ হাজার ফুট বালু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!