ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বেপরোয়া চলাচলে ৫০ যানবাহনকে জরিমানা

মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ি জব্দ, যেভাবে গন্তব্যে পৌঁছালেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১০, ৪ জানুয়ারি ২০২৫
মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ি জব্দ, যেভাবে গন্তব্যে পৌঁছালেন যাত্রীরা
ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ফিটনেস ও লাইসেন্স না থাকা এবং বেপরোয়া গতিতে চলাচলের অপরাধে ৫০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া কাগজপত্র না থাকায় ৪টি বাস ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

বেপরোয়া গতিতে চলাচল বন্ধে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত এ অভিযান চালায় হাইওয়ে পুলিশ, র‌্যাব ও থানা পুলিশ।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, শুক্রবার রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা থেকে যৌথ অভিযান শুরু হয়। শনিবার ভোররাত চারটা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়েতে এ অভিযান চলে।

Advertisement

তিনি আরো জানান, রাতভর এ অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫০টি মামলা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া কোনো প্রকার কাগজপত্র না থাকায় শ্যামলী, এনা, হানিফ ও অন্তরা পরিবহনের ৪টি বাস ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

মামলা হওয়া বাসগুলোর যাত্রীদের অন্য বাসে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয় বলেও জানান ওসি আবদুল কাদের।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!