ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিথ্যা মামলা দেওয়ায় বাদীর বিরুদ্ধে মামলা 

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ৮ জানুয়ারি ২০২৫
মিথ্যা মামলা দেওয়ায় বাদীর বিরুদ্ধে মামলা 
আমলি আদালত-৩ এর এজলাস -ফাইল ফটো

ফেনীতে মিথ্যা মামলা দেওয়ায় স্বপ্রণোদিত হয়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আদালত। বুধবার দুপুরে ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন বাদী হয়ে দাগনভূঞা আমলি আদালতে এ মামলা দায়ের করেন।

আমলি আদালত-৩ এর বেঞ্চ সহকারী গোবিন্দ চন্দ্র দাশ বলেন, ২০২৩ সালের ১৯ জুন দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তর গণিপুর গ্রামের দেলোয়ার মাস্টার বাড়ির আবুল কাশেম (৬০) তার নিজ ভাইয়ের বিরুদ্ধে থানায় হত্যার হুমকির অভিযোগ করেন। আদালতের নির্দেশে অভিযোগ তদন্ত করে দাগনভূঞা থানার এসআই অপূর্ব রায় একই বছরের ২৮ জুলাই প্রতিবেদন দাখিল করেন। এ মামলার বাদী আবুল কাশেম ও সাক্ষী সামিউর রশীদ (২৫)-এর বক্তব্য রেকর্ড শেষে ঘটনাটি সন্দেহাতীতভাবে মিথ্যা প্রমাণিত হয়। গত মঙ্গলবার আসামিকে খালাস প্রদান করে রায় ঘোষণা করেন ফেনীর জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক।

তিনি আরো বলেন, মিথ্যা মামলা দেওয়ায় বাদী আবুল কাশেম ও মিথ্যা সাক্ষী দেওয়ায় সামিউর রশীদকে আসামি করে বুধবার স্বপ্রণোদিত হয়ে দাগনভূঞা আমলি আদালতে দণ্ডবিধি ২১১ ও ১৯৩ ধারায় মামলা দায়ের করেন আমলি আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিন। আদালত বাদীর আর্জি আমলে নিয়ে আসামি কাশেম ও রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Advertisement

ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পিপি মেজবাহ উদ্দিন খান বলেন, ভুয়া মামলার কারণে ব্যক্তি ও রাষ্ট্র নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আদালত ভুয়া মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে ভুয়া মামলার সংখ্যা কমে আসবে। এটি সর্বক্ষেত্রে ইতিবাচক বলে আমি মনে করি। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: আদালত ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!