শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেন জোনাকির ছেলে।
নিহতের ফুফাতো ভগ্নিপতি আব্দুর রশিদ জানান, পরিবারের অমতে তন্ময় বিয়ে করেছিলেন। এ বিয়ে নিয়ে পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় স্ত্রীকে নিয়ে তিনি এলাকা ছেড়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা (খোড়াতলি) মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সেখানে তিনি লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বাসাবাড়িতে বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
.png)
তিনি আরো জানান, কয়েকদিন আগে নওহাটা মোড়ের পাশে একটি বাসায় কাজ করতে গিয়ে তন্ময় তার কিছু যন্ত্রপাতি সেখানে রেখে যান। শনিবার সকাল ৯টার দিকে সেই যন্ত্রপাতি আনতে যাওয়ার সময় নওহাটা মোড়ের পূর্বপাশে ওহাব চাল কলের সামনে পৌঁছালে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মহাদেবপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।