ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে আগুনে পুড়ে ছাই ৬ দোকান

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪, ১১ মার্চ ২০২৬
সিরাজগঞ্জে আগুনে পুড়ে ছাই ৬ দোকান
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ সদর উপজেলার ছনগাছা-বেতগাতি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি দোকানে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত বিষয়টি সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হয়।

Advertisement

খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে দুটি মুদি দোকান, দুটি ওষুধের দোকান, একটি পেঁয়াজ-রসুন ও কাঁচামালের দোকান এবং একটি চায়ের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে দোকান মালিকদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!