ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৮, ২১ মার্চ ২০২৬
রংপুরে ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া
ছবি: সংগৃহীত

রংপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. বায়েজীদ হোসাইন।

ঈদের বিশেষ খুতবা শেষে দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় ফিলিস্তিন-ইরান-আফগানিস্তানসহ বিশ্বজুড়ে মুসলমানদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধ ও মুসলিম উম্মাহর কল্যাণে মহান আল্লাহর কাছে অশ্রুসিক্ত প্রার্থনা করেন মুসল্লিরা।

রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, রংপুর জেলায় ৬ হাজারের বেশি মসজিদে ঈদ জামাত আদায়ের ব্যবস্থা করা হয়। বৈরী আবহাওয়ার কারণে কোনো কোনো মসজিদে ছিল একাধিক ঈদ জামাতের ব্যবস্থা।

Advertisement

জেলার প্রধান এই ঈদ জামাতে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, জনপ্রতিনিধি, বিশিষ্টজন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

এর আগে সকাল ৮টায় রংপুর পুলিশ লাইন্স মাঠে, কেরামতিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, সকাল ৯টায় শাপলা চত্বর আশরাফিয়া জামে মসজিদসহ নগরীর বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও মাদরাসা মাঠে সুবিধাজনক সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

রংপুর নগরী ছাড়াও প্রধান জামাতের সময়ের সঙ্গে সংঙ্গতি রেখে গঙ্গাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জ, সদর, পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলাতে ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে ঈদ উপলক্ষে সিটি কর্পোরেশন থেকে নগরীর সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে। এ ছাড়া ঈদ আনন্দ ভাগাভাগী করতে জেলার হাসপাতাল, কারাগার ও এতিমখানাগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে তিন দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!