কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় একটি যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় উত্তরবঙ্গের গাইবান্ধা ও চাপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা ‘মামুন এক্সপ্রেস’ নামক একটি যাত্রীবাহী বাস রেললাইনের ওপর উঠে পড়ে। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগতির চট্টগ্রাম মেইল ট্রেন বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি ইঞ্জিনের সামনে আটকে পড়ে এবং ধ্বংসস্তূপসহ রেলক্রসিং থেকে প্রায় এক কিলোমিটার দূরের ময়নামতি রেলস্টেশন এলাকা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়।
.png)
এদিকে, দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস, সদর দক্ষিণ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে বলে জানায় তারা। ধ্বংসস্তূপ সরাতে ভারী সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে এবং উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। দুর্ঘটনায় আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।