ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, যশোরে চাঞ্চল্য

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১৭, ৯ জুন ২০২৬
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, যশোরে চাঞ্চল্য
সংগৃহীত ছবি

যশোরে নাতনিকে ইভটিজিং (উত্ত্যক্ত) করার প্রতিবাদ করায় নানা ইমামুল হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের মতিনের দোকানের পেছনে এই বর্বরোচিত ঘটনা ঘটে।

নিহত ইমামুল হোসেন ঝিকরগাছার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Advertisement

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইমামুল হোসেনের নাতনিকে স্থানীয় কয়েকজন যুবক ইভটিজিং করে। ইমামুল হোসেন এর তীব্র প্রতিবাদ জানান। এই প্রতিবাদের জের ধরেই স্থানীয় ওই চক্রটির সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগ উঠেছে, সোমবার রাতে ঝিকরগাছা সদর ইউনিয়নের ৬ নম্বর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের নেতৃত্বে রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বিসহ বেশ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইমামুল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

হামলার পর রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় ইমামুল হোসেনকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ইতিমধ্যেই নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের ক্ষুব্ধ স্বজনরা।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!