শনিবার (৮ আগস্ট) দুপুরে আলীকদম-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহাবুদ্দিনের ছেলে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চকরিয়া থেকে যাত্রী নিয়ে একটি বাস আলীকদমের উদ্দেশে যাচ্ছিল। বাসটি তারাবুনিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা ব্লাস্ট হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং অন্তত ১১ জন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আটজন বাড়ি ফিরেছেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন জানান, চকরিয়া থেকে আলীকদম আসার পথে তারাবুনিয়া এলাকায় কলেজের পেছনে পৌঁছালে বাসটির চাকা ব্লাস্ট হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।