ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই ঘণ্টার মধ্যে চাঁদপুরের সিভিল সার্জনের বদলি প্রত্যাহার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ৯ আগস্ট ২০২৬
দুই ঘণ্টার মধ্যে চাঁদপুরের সিভিল সার্জনের বদলি প্রত্যাহার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে বদলির নির্দেশ দেওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার বিষয়টি স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার পর তার বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

রোববার (৯ আগস্ট) সকালে আকস্মিক সফরে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন অনিয়ম দেখতে পান। একই সঙ্গে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন ও ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় ইনজেকশনের মজুদ না থাকায় অসন্তোষ প্রকাশ করেন।

জানা যায়, তিন দিন ধরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন ও ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় ইনজেকশন মজুদ ছিল না। বিষয়টি জানার পর মন্ত্রী তাৎক্ষণিকভাবে মুঠোফোনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে সিভিল সার্জনকে বদলির নির্দেশ দেন।

Advertisement

পরে দুপুর দেড়টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন নিজের ভুলের জন্য ক্ষমা চান। এরপর তার বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

বিকেলে সিভিল সার্জন নিজেই ক্ষমা চাওয়া এবং বদলির আদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকাল ১০টার দিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে মন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন এবং সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন।

দুপুর ১২টার দিকে মন্ত্রী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যান। সেখানে তিনি রোগীদের জন্য সরবরাহ করা খাবার নিজে খেয়ে এর মান যাচাই করেন। পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

পরে বিকেল ৩টার দিকে তিনি মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে দায়িত্বরত কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মন্ত্রীর পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!