ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিক্ষামন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়ে ছাত্রদল কর্মীর স্ট্যাটাসে ক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ১১ আগস্ট ২০২৬
শিক্ষামন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়ে ছাত্রদল কর্মীর স্ট্যাটাসে ক্ষোভ
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও আমলাদের জুতাপেটা করতে চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন হবিগঞ্জের বানিয়াচংয়ের সাবেক এক ছাত্রদল কর্মী। বেসরকারি শিক্ষক নিয়োগ নিয়ে সরকারি চিন্তাভাবনার প্রেক্ষিতে প্রতিবাদ হিসেবে তিনি এ স্ট্যাটাস দেন। তার আস্ফালন দেখে ক্ষোভ জানিয়েছেন বিএনপি নেতাকর্মীসহ স্থানীয়রা। 

ওই ছাত্রদল কর্মী মো. এ বি বাছিত ২০২৪ সালে জুলাই আগস্ট বিপ্লবে ছাত্রজনতার ওপর গুলি চালানো (বর্তমানে বিদেশে পলাতক) আওয়ামী লীগ নেতা ড. শাহ নেওয়াজের ভাতিজা।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এ বি বাছিত স্ট্যাটাস দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘বট বাহিনী বিভিন্ন আইডি থেকে শিক্ষামন্ত্রীর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে অপপ্রচার চালাচ্ছিল। এর প্রেক্ষিতেই আমি স্ট্যাটাসটি দিয়েছি। আমরাই মূলত বিগত দিনে বিএনপির পক্ষে অনলাইনে প্রচারণা চালিয়েছিলাম। তবে আমি কারও তাবেদারি করি না। কখনও দলে আমার কোনো পদপদবি ছিল না।’ 

Advertisement

তিনি বলেন, ‘আমি স্ট্যাটাসটি ইতিমধ্যেই ডিলিট করে দিয়েছি।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন বলেন, ‘যে বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি সে বিষয়ে পোস্ট করে সে একজন বট বাহিনীর কাজ করেছে। প্রশাসন অবগত হলে এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। তবে আমরা দলীয় ফোরামে বিষয়টি আলোচনা করবো। সে যে সংগঠনের সঙ্গে জড়িত আছে ওই সংগঠনের নেতাদের বিষয়টি সম্পর্কে অবগত করে ব্যবস্থা নেয়ার কথা বলবো।’ 

তিনি বলেন, ‘বিএনপি সরকার বরাবরই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে কাজ করে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এদেশে বিএনপি সরকারই সবচেয়ে বেশি কাজ করেছে।

ছাত্রদল সভাপতি মুবাশ্বির আহমেদ মজনু বলেন, ‘সে ছাত্রদল করে না। যুবদলও করে বলে আমি নিশ্চিত নই। কোথাও তার কোনো পদপদবিও নেই। কর্মী হলে হতে পারে। তাও আমি জানি না।’

উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হোসেন মারুফ বলেন, ‘এটি তার দৃষ্টতা। জাতীয় নেতাদের বিরুদ্ধে লিখেছে। অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিৎ। আমি সারাদিন একটি সালিসে ছিলাম। তাই পোস্টটি দেখিনি। দলীয়ভাবেও কি করা যায় সে বিষয়টিও আমরা আলোচনা করবো।’

মঙ্গলবার রাত ১০ টার দিকে ফেসবুকে একটি পোস্ট করেন মো. এ বি বাছিত। এতে একটি ফটোকার্ড দিয়ে তিনি লেখেন, ‘যে সমস্ত আমলা বা মন্ত্রী, প্রতিমন্ত্রীদের মাথা থেকে এসব আসে তাদের জুতা দিয়ে পিটিয়ে ক্ষমতাচ্যুত করতে হবে। চাকরিজীবী হলে বরখাস্ত করে জাতি ধ্বংস করার পাঁয়তারা করার অপরাধে আইনের আওতায় নিয়ে আসা।’ এতে বিভিন্ন জন নানা মন্তব্য করেন। পরবর্তীতে বিকেলে তিনি পোস্টটি ডিলিট করে দেন।

তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- 

‘ঘটনা কতটুকু সত্য জানি না, যদি এই ধরনের সিদ্ধান্ত হয় তাহলে খুব বাজে একটা সিদ্ধান্ত হবে বাংলাদেশের জন্য বাঙালি জাতির জন্য। আমার মতে এই ধরনের চিন্তাভাবনা যে সমস্ত আমলা বা মন্ত্রী প্রতিমন্ত্রীদের মাথা থেকে আসে এইগুলারে জুতা দিয়া বাইড়াইয়া ক্ষমতা চুক্ত করা আর চাকরিজীবী হলে বরখাস্ত করে উল্টো জাতি ধ্বংস করার পাঁয়তারা করার অপরাধে আইনের আওতায় নিয়ে আসা।’

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!