ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যে কৌশলে উদ্ধার হলো ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা

আবুবকর ছিদ্দিক, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ১৫ আগস্ট ২০২৬
যে কৌশলে উদ্ধার হলো ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা
৬ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ২ লাখ ১০০ বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৬ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ২ লাখ ১০০ বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার বিকেলে দোছড়ি তোন্দুলেমুখ-কচ্ছপিয়া এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে ধাওয়া করার পর ফেলে যাওয়া একটি বস্তা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪৮/৪-এস ও শূন্যরেখা থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে দোছড়ি তোন্দুলেমুখ-কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায়।

এ সময় ওই এলাকায় টহল জোরদার করে বিজিবির সদস্যরা। একপর্যায়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের ধাওয়া করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা একটি বস্তা ফেলে পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ১০টি প্যাকেটে রাখা ২ লাখ ১০০ বার্মিজ ইয়াবা উদ্ধার করেন। বিজিবির হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ৩০ লাখ টাকা।

অভিযানে কাউকে আটক করা না গেলেও ইয়াবাগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার রোধে বিজিবির ধারাবাহিক অভিযান চলছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। যেকোনো মূল্যে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ইয়াবা
লিংক সফলভাবে কপি হয়েছে!