ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমজী ইপিজেডে ‘ভূতের আনাগোনা’, একদিনের ছুটি ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ২৩ আগস্ট ২০২৬
আদমজী ইপিজেডে ‘ভূতের আনাগোনা’, একদিনের ছুটি ঘোষণা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় একের পর এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় ‘ভূতের আতঙ্ক’ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার (২৩ আগস্ট) কারখানাটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরের পর ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত নারী শ্রমিকরা হঠাৎ অসুস্থ হতে শুরু করেন। পরে অসুস্থ শ্রমিকের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। তাদের বেপজা মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

রোববার সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। পরে পরিস্থিতি বিবেচনায় দিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

Advertisement

কারখানার এক শ্রমিক জানান, এক নারী শ্রমিক কারখানার ভেতরে ‘ভূত’ দেখেছেন বলে দাবি করার পর অস্বাভাবিক আচরণ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর আরও কয়েকজন অসুস্থ হলে শ্রমিকদের মধ্যে ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে কারখানা কর্তৃপক্ষ ও বেপজার কর্মকর্তারা ভূতের বিষয়টি উড়িয়ে দিয়ে অসুস্থতার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন বলেন, রোববার প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে এসেছিলেন। তাদের মধ্যে ১৫ থেকে ২০ জন অসুস্থ হয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে কারখানা ছুটি দেওয়া হয়।

আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, শনিবারও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কর্মকর্তারা কারখানাটি সরেজমিনে পরিদর্শন করলেও দমবন্ধ বা শ্বাসরোধ হওয়ার মতো কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।

তিনি বলেন, শ্রমিকদের মধ্যে নানা ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তবে অসুস্থতার প্রকৃত কারণ কী, তা নিশ্চিত হতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

এদিকে, কারণ শনাক্ত না হওয়া পর্যন্ত শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!