ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল ২ জনের

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩, ২৮ আগস্ট ২০২৬
দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল ২ জনের
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শিয়ালকোলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে সদর উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজি অটোরিকশার চালক আশিক (৩৫)। আহত ব্যক্তি হলেন ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে মাছ ধরার জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণু হালদার। পরে তারা কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে রওনা হন।

পথে বটতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশাচালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত বিষ্ণু হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি বাড়িতে নিয়ে যান।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে বাড়িতে চলে যান। আহত বিষ্ণু হালদারকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!