ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৈদ্যুতিক গোলযোগে আগুন, পুড়ল দুই বসতঘর

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ২ সেপ্টেম্বর ২০২৬
বৈদ্যুতিক গোলযোগে আগুন, পুড়ল দুই বসতঘর
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মতলব দক্ষিণে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে দুটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার দক্ষিণ নওগাঁও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় থেকে দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, দক্ষিণ নওগাঁও এলাকায় ফারুক ঢালী ও জুয়েল ঢালীর মালিকানাধীন দুটি কাঁচা বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত তৎপরতায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈদ্যুতিক গোলযোগকে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আগুনে আনুমানিক ৭ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান তুহিনের নেতৃত্বে একজন গাড়িচালক ও পাঁচজন ফায়ারফাইটার আগুন নিয়ন্ত্রণে অংশ নেন। ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের গাড়িকে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!