ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শত বছরের ভিটায় উচ্ছেদ আতঙ্ক, মামলা-হুমকির অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৭, ৫ সেপ্টেম্বর ২০২৬
শত বছরের ভিটায় উচ্ছেদ আতঙ্ক, মামলা-হুমকির অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

বংশপরম্পরায় বসবাসের শত বছরের ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটছে গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেতজুরী গ্রামের শতাধিক পরিবারের। 

বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ তুলে তাঁরা বলছেন, বৈধ কাগজপত্র ও দীর্ঘদিনের দখল থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল তাঁদের উচ্ছেদ করতে মামলা, হুমকি ও নানা ধরনের হয়রানি করছে। শেষ সম্বল বসতভিটা রক্ষায় শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধন করে প্রতিকার দাবি করেছেন ভুক্তভোগীরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বেতজুরী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক পরিবারের সদস্য অংশ নেন। তাঁদের দাবি, শুধু বসতবাড়ি নয় এই জমিতে তাঁদের পূর্বপুরুষদের কবরস্থান, মসজিদ-মাদ্রাসা এবং সামাজিক নানা প্রতিষ্ঠান রয়েছে। ফলে উচ্ছেদ করা হলে তাঁদের সামনে মাথা গোঁজার কোনো জায়গা থাকবে না।

Advertisement

ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক এরশাদ সরকারের আমলে কর্নেল (অব.) রেজাউল করিম নামে এক ব্যক্তি সরকারের কাছ থেকে জমি বন্দোবস্ত নেন। তবে ওই জমি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে তুলা গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন এলাকায় ছিল বলে দাবি তাঁদের। পরবর্তী সময়ে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি স্কেচ ম্যাপ পরিবর্তন করে মহাসড়কের পশ্চিম পাশে বেতজুরী গ্রামের বসতবাড়ির জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তাঁদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। কয়েকজনকে ডেকে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। 

তাঁদের দাবি, ওমর ফারুককে ‘আম-মোক্তার’ বা পাওয়ার অব অ্যাটর্নির প্রতিনিধি হিসেবে দেখিয়ে ডিবিতে অভিযোগ এবং আদালতে একাধিক মামলা করা হয়েছে।

ভুক্তভোগী মো. এনামুল বলেন, ‘আমরা বংশপরম্পরায় এই জমি ভোগদখল করে আসছি। হঠাৎ প্রভাবশালীদের নজর পড়ায় উচ্ছেদ আতঙ্কে আছি। আমাদের হয়রানি করতে বিভিন্ন মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ তদন্তে এসে এখানে মাদ্রাসা পরিচালনার বিষয়টি দেখেছে।’

মারহুমা আক্তার হেলেনা বলেন, ‘আমাদের উচ্ছেদ করা হলে আমরা কোথায় যাব? এটি আমাদের পৈতৃক সম্পত্তি। প্রতিপক্ষ প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের ওপর অন্যায়ভাবে বল প্রয়োগ করছে।’

অভিযোগের বিষয়ে ওমর ফারুকের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!