ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একাই ছিলেন ঘরে, ২-৩ দিন পর মিলল বৃদ্ধের মরদেহ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ৬ সেপ্টেম্বর ২০২৬
একাই ছিলেন ঘরে, ২-৩ দিন পর মিলল বৃদ্ধের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে নিজ বসতঘর থেকে মো. মাহে আলম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পেয়ারী মোহন এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ গাজী বায়তুল জামে মসজিদের চিল্লার মুসল্লি ও স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজের জন্য বাড়ি বাড়ি দাওয়াত দিতে গিয়ে মাহে আলমের বাড়িতে যান। এ সময় তাঁরা ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। দরজা খোলা থাকায় ভেতরে উঁকি দিয়ে মাহে আলমকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে বিষয়টি তাঁর স্বজন ও প্রতিবেশীদের জানানো হয়।

Advertisement

মাহে আলম পেয়ারী মোহন গ্রামের মৃত আজাহার সইয়ালের ছেলে।

স্বজন ও প্রতিবেশীরা জানান, মাহে আলমের স্ত্রী রহিমা বেগম (৩৫) তিন সন্তানকে নিয়ে পারিবারিক প্রয়োজনে প্রায় ১৫ দিন আগে তজুমদ্দিন উপজেলার শিবপুর খাসের হাট এলাকায় বাবার বাড়িতে যান। এরপর থেকে মাহে আলম নিজ বাড়িতে একাই ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, মাহে আলম দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে ঢাকায় প্রাইভেট গাড়ি চালানোর চাকরি ছেড়ে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। স্বজনেরা জানান, এর আগে তিনি দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

মরদেহে পচন ধরায় স্থানীয়দের ধারণা, মৃত্যুর দুই থেকে তিন দিন পর মরদেহটি উদ্ধার করা হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শুরু করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ আইনগত প্রক্রিয়া শেষে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!