পোশাক কারখানা ল্যাভেন্ডার গ্রুপের চেয়ারম্যানের গাড়ি থেকে এক কোটি টাকা চুরির ঘটনায় ব্যক্তিগত গাড়িচালক জাহিদ হাসানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। এ ঘটনায় চুরি যাওয়া টাকার মধ্যে ৯৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার অন্য দুজন হলেন ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চননগর এলাকার দাউদ হোসেনের ছেলে মো. আক্তারুজ্জামান (৫১) এবং জাহিদ হাসানের স্ত্রী নাসিমা আক্তার (২৪)।
শিল্প পুলিশ জানায়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্যাডেট ক্লাবের সামনে চীনা ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি থেকে পরিকল্পিতভাবে এক কোটি টাকা নিয়ে পালিয়ে যান চালক জাহিদ হাসান। ওই টাকা ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের বেতন ও অন্যান্য খরচ মেটানোর জন্য বহন করা হচ্ছিল।
টাকা নিয়ে পালানোর পর চীনা ব্যবসায়ীর মোবাইল নম্বরে ইংরেজিতে একটি খুদে বার্তা পাঠান জাহিদ। সেখানে তিনি দুঃখ প্রকাশ করে জানান, গাড়িটি লে ডি’অর কফি শপের পার্কিংয়ে রেখে গেছেন। পাশাপাশি তিনি দাবি করেন, পরিস্থিতির কারণে তাকে টাকা নিতে বাধ্য হতে হয়েছে।
ঘটনার পর ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।
গাজীপুর শিল্প পুলিশের এসপি মো. আমজাদ হোসাইন জানান, মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাহিদ হাসানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।
পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে ঝিনাইদহ সদরের একটি বাসা থেকে জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে নগদ ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়।
পরে জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার মামা আক্তারুজ্জামানকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ১ লাখ ৩ হাজার টাকা।
এ ছাড়া জাহিদের স্ত্রী নাসিমা আক্তারের বাসায় অভিযান চালিয়ে আরও ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে ৯৭ লাখ ৩ হাজার টাকা।
শিল্প পুলিশের এসপি আমজাদ হোসাইন বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে। উদ্ধার করা টাকা ও গ্রেপ্তার তিনজনকে শনিবার হস্তান্তর করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ হাসান জানিয়েছেন, চুরি করা এক কোটি টাকার মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা তিনি খরচ করেছেন। এর মধ্যে নতুন বাসা ভাড়া নেওয়া, আসবাবপত্র কেনা এবং ৩৩ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনার খরচ রয়েছে।
পুলিশ তার কাছ থেকে কেনা আসবাবপত্র ও মোবাইল ফোনও জব্দ করেছে।
.png)