ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসীদের টার্গেট করে প্রতারণা, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ৭ সেপ্টেম্বর ২০২৬
প্রবাসীদের টার্গেট করে প্রতারণা, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোর আইডি হ্যাক করে প্রবাসীদের টার্গেট করে প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার অমরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার অমরপুর গ্রামের মো. শাহরিয়ার নাদিম বাপ্পী (২০), রাজশাহীর বাঘা উপজেলার মো. নাহিদ হাসান জীবন (২১) এবং ১৬ বছর বয়সী এক কিশোর।

Advertisement

পুলিশ জানায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অমরপুর এলাকার একটি টিনশেড বাড়িতে অভিযান চালায়। এ সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের আইডি হ্যাক করে প্রতারণার কাজে লিপ্ত থাকা অবস্থায় তিনজনকে আটক করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে প্রবেশ করে পরিচিতজনদের কাছে নানা ধরনের বার্তা পাঠিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন। বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার (৭ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!