সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান তারা।
.png)
জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক নায়েবে আমির মুসাদ্দেক ভূঁইয়া এবং জামায়াতের নবীন সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। এ ছাড়া ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, ‘আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে।’
নিজেদের সংগঠনকে নিয়ে বিভিন্ন সময়ে ব্যবহৃত রাজনৈতিক অভিধার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘কখনো আমাদের রাজাকার বলা হয়েছে, কখনো বলা হয়েছে যুদ্ধাপরাধী। এখন নতুন একটি শব্দ বের হয়েছে, “গুপ্ত”। তোমাদের এখানে আসার আগেও এই শব্দটি শুনলাম।’
তিনি আরও বলেন, ‘এত চমৎকার শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠান হচ্ছে। এরপরও কেউ না কেউ ফেসবুকে এসে বলবে, “গুপ্ত”। অথচ তার সঙ্গেই আমরা একসঙ্গে বসে টকশো করছি, আবার তিনিই আমাদের বলছেন “গুপ্ত”।’
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের কয়েকজন অনুষ্ঠানে তাদের অনুভূতি ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন। এ সময় তারা বাবা-মা, শিক্ষক ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা।