ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় থানার কাছে সন্ত্রাসীর গুলিতে শ্রমিক নিহত

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৭, ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে সন্ত্রাসীর গুলিতে শ্রমিক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় এবার থানার কাছে সন্ত্রাসীর গুলিতে ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক জলিল মুন্সি (৩৫) নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। 

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে আসা তিনজন সন্ত্রাসী জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে জলিলের বুক ও পিঠে গুলি লাগে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, কুলিবাগান মোড়ে মোটরসাইকেলে আসা তিনজন সন্ত্রাসী জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে। এ সময় পুলিশের টহল টিম তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ জলিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, নিহত জলিল ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন। তার কাছে কে বা কারা চাঁদা চেয়েছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআই
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!