ভৈরব-কুলিয়ারচরে দিনভর ব্যস্ত প্রতিমন্ত্রী শরীফুল আলম
কখনো উন্নয়নকাজের উদ্বোধন, কখনো নদীভাঙন এলাকা পরিদর্শন, আবার কখনো খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া এভাবেই দিনভর কর্মসূচিতে ব্যস্ত সময় কাটিয়েছেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচিতে অংশ নেন তিনি। দিনের শেষভাগে কুলিয়ারচরে গিয়ে সাম্প্রতিক বিদ্যুৎ দুর্ঘটনায় নিহত ছাত্রদল কর্মী শাহীদ সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজখবর নেন।
.png)
সকাল সাড়ে ৯টার দিকে ভৈরবের কমলপুর এলাকায় নিজের বাংলোয় স্থানীয় একটি ফুটবল একাডেমির খেলোয়াড়দের জন্য ক্রীড়া ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রতিমন্ত্রী।
সকাল ১০টার দিকে ভৈরব বাজারের চান্দানী টিলায় স্থানীয় সরকার বিভাগের ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নিম্নআয়ের এলাকার উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের পর সকাল সাড়ে ১০টার দিকে মেঘনা নদীর তীরবর্তী কালীপুর এলাকায় যান শরীফুল আলম। সেখানে নদীভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল ও সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দ পাওয়া ক্রীড়া সামগ্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক ও নুরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দিনের শেষ কর্মসূচিতে সন্ধ্যা ৭টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামে যান প্রতিমন্ত্রী। সেখানে বিদ্যুৎ দুর্ঘটনায় নিহত শাহীদ সরকারের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।
কুলিয়ারচর সফরে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার, উপজেলা বিএনপির সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাহউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও মো. রফিকুল ইসলাম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মো. আরশ মিয়া এবং ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন রতনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, দিনব্যাপী কর্মসূচিতে ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন স্থানে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।