ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহবায়ক রুকনুজ্জামান রুকন

শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে মামলা দায়ের করেছে নালিতাবাড়ী পিডিবি কর্তৃপক্ষ। নালিতাবাড়ীর আবাসিক প্রকৌশলী মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকন শহরের আড়াইআনী বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি বিদ্যুৎ সংযোগ নেন। বিগত ১৪ মাস ধরে প্রিপেইড মিটারে নেওয়া ওই সংযোগে তিনি রিচার্জ করছিলেন না। ফলে বিষয়টি নিয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের সন্দেহ হয়। একপর্যায়ে ওই সংযোগ পরিদর্শনকালে অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া যায়। এ সময় রুকনুজ্জামান বিদ্যুৎ বিভাগের লোকজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।

নালিতাবাড়ী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বৈধ সংযোগের সঙ্গেই অভিনব কৌশলে আরও একটি অবৈধ সংযোগ নিয়ে ওই সংযোগ থেকে তিনি বিদ্যুৎ ব্যবহার করতেন। ফলে বৈধ সংযোগে বিদ্যুৎ খরচ হতো না বিধায় তিনি রিচার্জ করতেন না।

এদিকে, এ ঘটনায় ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে গত রোববার (২৭ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করেছে নালিতাবাড়ী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে যুবদল নেতা রুকনুজ্জামান রুকনের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করেন। যুবদলও এ নীতিতে বিশ্বাস করে। কোনো যুবদল নেতার বিরুদ্ধে চোরাই বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে মামলা হয়ে থাকলে বিষয়টি খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!