ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিথ্যা মামলা হতে দেব না’ শিক্ষকদের পাশে এমপি বাচ্চু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ৫ অক্টোবর ২০২৬
মিথ্যা মামলা হতে দেব না’ শিক্ষকদের পাশে এমপি বাচ্চু
শিক্ষক দিবসে শ্রীপুরে ৩২ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান

শিক্ষক শুধু পেশায় নয়, তিনি সমাজ পরিবর্তনের প্রেরণা’ এই প্রত্যয়কে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গত এক বছরে অবসরে যাওয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ শিক্ষক-কর্মচারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষকদের নামে হয়রানিমূলক বা মিথ্যা মামলা না করার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ক্ষণিকা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র‍্যালি বের করা হয়। বেলা ১১টায় উপজেলা হলরুমে শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল হান্নান সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাজমুল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঞা। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরীন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা আট শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘শিক্ষকের মর্যাদা অনন্য উচ্চতায়। একজন শিক্ষক সারা জীবনের জন্য শিক্ষক।’ তিনি বলেন, ৫ আগস্টের পর ২৯ জন শিক্ষকের নামে মামলা হয়েছে। কোনো শিক্ষকের নামে যেন মিথ্যা মামলা দায়ের না হয়, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘শিক্ষকদের অসুবিধা হোক, এটা আমি হতে দেব না।’ শিক্ষকরা দায়িত্বশীল উল্লেখ করে তিনি বলেন, তাঁরা দায়িত্বে ফাঁকি দেন না। শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক সংগঠন উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঞা বলেন, শিক্ষক সম্মানের ব্যক্তি। শিক্ষকের নাম শুনলেই মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই সম্মানের অনুভূতি তৈরি হয়। শিক্ষক আদর্শ মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষকদের নিজেদের মধ্যেও সেই আদর্শ থাকা জরুরি।
সভাপতির বক্তব্যে আবদুল হান্নান সজল বলেন, শিক্ষক-কর্মচারীদের পেশাগত সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে। গত এক বছরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অবসরে যাওয়া ৩২ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!