ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার, গ্রেফতার ১

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৪, ৫ অক্টোবর ২০২৬
কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার, গ্রেফতার ১
ছবি: সংগৃহীত

রংপুর নগরীর মাহিগঞ্জে অভিযান চালিয়ে ২১ দশমিক ২ কেজি ওজনের কালো কষ্টিপাথরের একটি কালীমূর্তি ও এর একটি ভগ্নাংশ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবৈধভাবে হেফাজতে রাখা ও পাচারের চেষ্টার অভিযোগে রজব আলী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাহিগঞ্জ থানার কল্যাণী ইউনিয়নের ফকিরা গ্রামে রজব আলীর বাড়িতে অভিযান চালায় এসআরবি-১৩। এ সময় বাড়ি থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন ২১ দশমিক ২ কেজি। একই সঙ্গে এর একটি ভগ্নাংশও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার রজব আলী ফকিরা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

Advertisement

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সোমবার জানান, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও কষ্টিপাথরের মূর্তি চোরাচালানসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে রজব আলীর বাড়িতে অভিযান চালানো হয়।

তিনি জানান, উদ্ধার হওয়া মূর্তিটি কত বছরের পুরোনো এবং এর প্রত্নতাত্ত্বিক মূল্য কত, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।

এ ঘটনায় এসআরবি-১৩-এর পক্ষ থেকে রজব আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তি, ভগ্নাংশ ও অন্যান্য আলামত এবং গ্রেফতার রজব আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিপ্লব কুমার গোস্বামী।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!