নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী কাশেম গ্রেপ্তার
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পৌর শহরের বালিকান্দি গ্রাম থেকে অভিযুক্ত আবুল কাশেম গ্রেপ্তার করে পুলিশ
ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৩ অক্টোবর) রাতে ঘরের দক্ষিণ পাশে রাতের খাবারের উচ্ছিষ্ট পানি ফেলতে বের হয় ওই কিশোরী। এ সময় তাকে একা পেয়ে মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী আবুল কাশেম। ঘটনার পর কিশোরী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে বিষয়টি প্রতিবেশী এক স্বজনকে জানান।
পরিবারের অভিযোগ, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। প্রকাশ পেলে ভবিষ্যতে কিশোরীর সমস্যা হবে এমন ভয় দেখিয়ে পরিবারটিকে চুপ থাকার জন্য চাপ দেওয়া হচ্ছে। এর ফলে ভুক্তভোগীর বাবা শুরুতে থানায় অভিযোগ করতে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন।
এ ছাড়া অভিযুক্ত কাশেমের স্ত্রীও ভুক্তভোগী পরিবারটিকে হুমকি দেন এবং প্রয়োজনে কিশোরীকে তাঁর স্বামীর সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ উঠেছে। তবে এসব বিষয়ে অভিযুক্ত পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী কিশোরীর পরিবারের আর্থিক অবস্থা খুবই করুণ। তার বাবা ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান এবং মা অন্যের বাড়িতে কাজ করেন। দুই মেয়ে ও এক ছেলেসহ বৃদ্ধা মাকে নিয়ে অত্যন্ত কষ্টে দিন অতিবাহিত করছে পরিবারটি।
এই দিকে বিষয়টি জানার পর দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেপ্তার করে।
এব্যাপারে তিনি বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা প্রভাব আমলে নেওয়া হবে না।