ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
চুয়াডাঙ্গা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু, কারণ জানতে ভিসেরা পরীক্ষা
চুয়াডাঙ্গা জেলা কারাগারে আটক সাজাপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেন ওরফে ইংরেজ (৬০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। বুকে ব্যথা অনুভব করায় কারাগার থেকে হাসপাতালে নেওয়ার প্রায় ৫০ মিনিট পর তার মৃত্যু হয়।
আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্রপুর স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি শংকরচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। কারাগারে তার কয়েদি নম্বর ৪০৭০/এ।
কারাগার সূত্রে জানা গেছে, উচ্চ রক্তচাপ ও ইস্কেমিক হার্ট ডিজিজে আক্রান্ত আনোয়ার হোসেন গত ১৭ অক্টোবর থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাত ১১টা ৫ মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন জানান, বুকে ব্যথা নিয়ে রাত ১১টা ৫ মিনিটে আনোয়ার হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ভিসেরা পরীক্ষা করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার গোলাম দস্তগীর জানান, দণ্ডবিধির ৩২৪ ধারায় করা একটি মামলায় আদালত আনোয়ার হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। ওই সাজা ভোগ করতে গত ৩০ সেপ্টেম্বর তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে আসেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিধি অনুযায়ী, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।