দৌলতদিয়া পদ্মায় নিখোঁজের ২৩ ঘণ্টাপর শিশু নুর আমিনের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২৩ ঘণ্টা পর নুর আমিন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিস ও দৌলতদিয়া নৌপুলিশের সদস্যরা তা উদ্ধার করেন। নিহত নুর আমিন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়ার রেজাউল ফকিরের ছেলে।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুটি। নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়ার পর থেকেই তাকে উদ্ধারে অভিযান শুরু করেন ফায়ার সার্ভিস, দৌলতদিয়া নৌপুলিশ ও স্থানীয় ডুবুরিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নুর আমিম কয়েকজন বন্ধুর সঙ্গে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে সে ভেসে যেতে থাকে। এ সময় তার সঙ্গে থাকা অন্য শিশুরা তাকে টেনে ধরে উদ্ধারের চেষ্টা করে। তবে নদীর প্রবল স্রোতের কারণে তারা তাকে উদ্ধার করতে পারেনি। একপর্যায়ে নুর আলম পানিতে তলিয়ে যায়।
পরে শিশুটির সঙ্গে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা নদীতে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিস ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল, দৌলতদিয়া নৌপুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নদীর প্রবল স্রোতের মধ্যেও তাঁরা শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যান। অবশেষে নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর শনিবার বেলা পৌনে ১২টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে উদ্ধারকারী দলের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
এ বিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথা সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই তাকে উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা অভিযান চালান। নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর শনিবার দুপুর পৌনে ১২টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলেছে। তিনি আরও বলেন, পদ্মা নদীতে প্রবল স্রোত থাকায় সবাইকে নদীতে গোসল করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিশেষ করে স্থানীয় শিশুদের নদীতে গোসল করতে পাঠানোর সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।
এদিকে, নুর আমিন নিখোঁজ হওয়ার পর থেকেই তার পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চললেও শিশুটিকে জীবিত ফিরে পাওয়ার আশায় অপেক্ষায় ছিলেন স্বজনেরা। অবশেষে তার মরদেহ উদ্ধারের খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।