ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হলো না

গাছ নিচে চাপা পড়ে মারা গেলেন মুফতি নজরুল ইসলাম

ঈশ্বরদী( পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩০, ২৪ অক্টোবর ২০২৬
গাছ নিচে চাপা পড়ে মারা গেলেন মুফতি নজরুল ইসলাম
ছবি- ডেইলি বাংলাদেশ

নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন মাওলানা মুফতি নজরুল ইসলাম। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার কর্মস্থল ছেড়ে প্রায় দুই মাস আগে গ্রামের বাড়িতে ফিরে আসেন তিনি। তবে মাদ্রাসা প্রতিষ্ঠার আগেই গাছ কাটতে গিয়ে প্রাণ হারালেন এই আলেম।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুফতি নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন মুফতি নজরুল ইসলাম। শনিবার সকালে বাড়ির একটি বিটুলিগাছ কাটতে গেলে গাছটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুফতি নজরুল ইসলাম দীর্ঘদিন ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় দুই মাস আগে তিনি ঢাকার কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন। নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে স্থায়ীভাবে ঈশ্বরদীতে বসবাস করার পরিকল্পনা ছিল তার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রহিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিজ এলাকায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামে ফিরলেও তা আর বাস্তবায়ন করা হলো না তার। তার মৃত্যুর মধ্য দিয়ে অপূর্ণই থেকে গেল মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
ট্যাগ: পাবনা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!