ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক
উঠান বৈঠক ও সমাবেশ করছেন জেলা প্রশাসক । ছবি: ডেইলি বাংলাদেশ

মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

রাজবাড়ী পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল। এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক কল্যাণ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের বড় বাধা। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সব শ্রেণির মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে খোঁজখবর রাখার পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।

বাল্যবিবাহ বন্ধে মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে পরিবার থেকেই সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি কোথাও অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগেই তা প্রতিরোধ করা জরুরি। এ ক্ষেত্রে জনসচেতনতা, পারিবারিক শিক্ষা ও সামাজিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে পৌরসভার প্রশাসক কল্যাণ চৌধুরী বলেন, পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে সামাজিক অপরাধ প্রতিরোধে নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সমাবেশে বক্তারা সামাজিক অপরাধ নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি-বাংলাদেশ/রাজবাড়ী/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!