ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]
শ্রমিক আন্দোলন

মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, চলছে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৪, ১ নভেম্বর ২০২৬
মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, চলছে মেট্রোরেল
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া মেট্রোরেল স্টেশনগুলো আবার খুলে দেওয়া হয়েছে। বর্তমানে সব স্টেশন খোলা রয়েছে এবং মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে। এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকেও স্টেশনগুলো খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে দুপুরে পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনও সাময়িকভাবে বন্ধ ছিল বলে জানা গেছে।

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম জানান, জনভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং পুলিশের কোনো সদস্য আহত হননি।

পুলিশ জানিয়েছে, বর্তমানে মিরপুর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!