ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নলছিটিতে কলেজ-মাদরাসার শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ১ নভেম্বর ২০২৬
নলছিটিতে কলেজ-মাদরাসার শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য
নলছিটির অ্যাডভোকেট হারুনর রশিদ খান ফাউন্ডেশন মহিলা কলেজ। ছবি: ডেইলি বাংলাদেশ

২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে ঝালকাঠির নলছিটি উপজেলার একটি কলেজ ও একটি মাদরাসার কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। প্রতিষ্ঠান দুটির সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান দুটি হলো অ্যাডভোকেট হারুনর রশিদ খান ফাউন্ডেশন মহিলা কলেজ ও হাঁড়িখালি দারুল উলুম ফাজিল মাদরাসা। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নলছিটি উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বদরুল আমিন।

উপজেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষায় মোট ১ হাজার ৩৬৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৭২ জন। গড় পাসের হার ২৭ দশমিক ১৯ শতাংশ। তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন শিক্ষার্থী।

এইচএসসি পরীক্ষায় উপজেলার সাতটি কলেজ থেকে ১ হাজার ১৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৭০ জন। পাসের হার ২৬ দশমিক ৬২ শতাংশ। এ বিভাগে কেউ জিপিএ-৫ পাননি। অকৃতকার্য হয়েছেন ৭৮৪ জন।

আলিম পরীক্ষায় উপজেলার আটটি মাদরাসা থেকে ১৯৭ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫৮ জন। পাসের হার ২৯ দশমিক ৪৪ শতাংশ। এ বিভাগে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, এইচএসসি (বিএম) পরীক্ষায় উপজেলার চারটি প্রতিষ্ঠানের ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ জন। এ বিভাগে পাসের হার ২৮ শতাংশ। কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!