উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া উত্তপ্ত
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ৩টি, বিজয়নগর উপজেলার ১টি ও আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন নিয়ে “বরিশল” নামে নতুন উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া।
নতুন উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে সোমবার দুপুরে সদর উপজেলার ৪ ইউনিয়নের বিক্ষুব্দ জনতা কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী মোড় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় বিক্ষুব্ধ জনতার একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানান এবং বিষয়টি গোপন রাখায় জেলা প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে।
পরে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম রোমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ ৪ ইউনিয়নের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ জেলা প্রশাসক মোঃ আবুসাঈদের সাথে কথা বলে প্রস্তাব বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
পরে জেলা প্রশাসক পুরো বিষয়টি এবং জনগনের মতামত সম্পর্কে সরকারের উর্ধ্বতন মহলে অবগত করার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা এক ঘন্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে চলে যায়।
এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর, বাসুদেব ও বিজয়নগর উপজেলার সিংঙ্গারবিল ও আখাউড়া উপজেলার "বরিশল" ইউনিয়ন নিয়ে “বরিশল” নামে নতুন একটি উপজেলা গঠনের পরিকল্পনা গ্রহন করেছেন জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া। তার এই পরিকল্পনা ও ষড়যন্ত্রের আলোকে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ নতুন উপজেলা নিরীক্ষণের জন্য একটি দাপ্তরিক পত্র পাঠিয়েছে। এবং জেলা প্রশাসক বিষয়টি গোপন রেখেছেন যা কখনো মেনে নেয়া হবে না। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, যদি সদর ও বিজয়নগর উপজেলাকে ভেঙ্গে নতুন উপজেলা করার সিদ্ধান্ত নেয়া হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ, সড়কপথ অবরোধসহ তীব্র আন্দোলনের মাধমে বিচ্ছিন্ন করে দেয়া হবে। তারা বর্তমানের ন্যায় সদর উপজেলার সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ বলেন, ৪ ইউনিয়নের জনগন নতুন উপজেলা গঠনের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছেন। আমরা পুরো বিষয়টি এবং জনগনের মতামত সম্পর্কে সরকারের উর্ধ্বতন মহলে অবগত করব।